শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

গাজায় ত্রাণের খাবার নিতে এসে ইসরায়েলি গুলিতে নিহত ২৮

মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

প্রিন্ট করুন

দখলের কৌশল হিসেবে গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা আরও জোরদার করেছে। শেষ ২৪ ঘণ্টায় শুধু ত্রাণের খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন ২৮ জন। আর পুরো উপত্যকাজুড়ে সোমবার (২৪ আগস্ট) নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এ সময়ে মোট আহত হয়েছেন কমপক্ষে ৪৯২ জন বেসামরিক ফিলিস্তিনি।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালদের দেওয়া সর্বশেষ বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (২৫ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছে।

আল-জাজিরা জানায়, সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৮৬ জনের মরদেহ এবং ৪৯২ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে প্রথম দফার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই থেকে এ পর্যন্ত ৫ মাসে গাজায় নিহত হয়েছেন ১০ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ৪৬ হাজার ২১৮ জন।

এদিকে, ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় এমন হামলায় ২৮ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মতে, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৭৪৪ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।