বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিরোনাম

ঘুম থেকে উঠে যে কয়েকটি কাজ করলে দ্রুত গলবে চর্বি

বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

প্রিন্ট করুন
ঘুম

ঘুম থেকে উঠে যে কয়েকটি কাজ আছে যা করার ফলে আমাদের শরীরের দ্রুত চর্বি কমে যায়। ওজন কমানো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি। অতিরিক্ত ওজন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, জয়েন্টের ব্যথা এমনকি হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এর ফলে জীবনযাত্রার মান কমে যায় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্য সচেতনরা মনে করেন, দিনের শুরুটা যদি সঠিকভাবে হয় তবে চর্বি কমানোর কাজ অনেক সহজ হয়ে যায়।

ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘণ্টা শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের অভ্যাসগুলো শরীরের বিপাকক্রিয়া, শক্তির মাত্রা ও হরমোনের ভারসাম্য নির্ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, সকালে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে তা শুধু ওজন কমাতেই নয়, সার্বিক সুস্থতাতেও দারুণ প্রভাব ফেলে।

ঘুম থেকে উঠে কোন কোন কাজ করলে চর্বি সহজে গলবে

এক গ্লাস গরম পানি দিয়ে দিন শুরু

ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস গরম পানি পান করুন। এটি শরীরকে আর্দ্র রাখে, টক্সিন বের করতে সাহায্য করে এবং বিপাকক্রিয়া বাড়ায়। চাইলে পানির সঙ্গে লেবু বা এক চিমটি দারুচিনি মিশিয়ে নিতে পারেন। এতে শরীর দ্রুত ক্যালরি পোড়াতে সহায়তা পায়।

হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম

সকালের মাত্র ১০-১৫ মিনিটের স্ট্রেচিং বা যোগব্যায়াম রক্ত প্রবাহ উন্নত করে, কর্টিসল হরমোন কমায় এবং শরীরকে সক্রিয় করে। এটি লো-ইমপ্যাক্ট এক্সারসাইজ হওয়ায় শরীরের কোনো ক্ষতি করে না বরং জমে থাকা চর্বি পোড়াতে সহায়তা করে।

সূর্যের আলোতে কিছুক্ষণ থাকা

প্রাকৃতিক আলো শরীরের বডি ক্লক ঠিক রাখে এবং খুশির হরমোন সেরোটোনিন নিঃসরণ করে। একইসঙ্গে রাতে মেলাটোনিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, যাতে ঘুম ভালো হয়। পর্যাপ্ত ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখে, যা ওজন কমানোর জন্য অপরিহার্য।

সারা দিনের খাবারের পরিকল্পনা

আগেভাগে সারা দিনের খাবারের তালিকা তৈরি করে নিলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে। এতে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, ক্যালরির হিসাব রাখা সহজ হয় এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি হয়।

উচ্চ প্রোটিনসমৃদ্ধ নাশতা

দিনের প্রথম খাবার হওয়া উচিত প্রোটিনসমৃদ্ধ। ডিম, দুধ, গ্রিক দই, মুগ ডাল চিলা বা ডাল-সবজি যুক্ত খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এতে অযথা বারবার খিদে পায় না এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে।

স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ

সকালে অ্যাভোকাডো, বাদাম, আখরোট, চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস খেতে পারেন। এগুলো শরীরে ভালো ফ্যাট সরবরাহ করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। ভালো ফ্যাট ওজন কমানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকালে স্ক্রিন এড়িয়ে চলা

ঘুম থেকে উঠেই মোবাইল ফোন বা ল্যাপটপে ডুবে থাকা মানসিক চাপ বাড়ায়। এতে মস্তিষ্ক বিভ্রান্ত হয় এবং দিনটা নেতিবাচকভাবে শুরু হয়। তাই সকালটা কাটান নিজের যত্নে, প্রকৃতির মাঝে বা হালকা ব্যায়ামে।

গ্রিন টি বা ব্ল্যাক কফি পান করুন

সকালের নাশতার কিছুক্ষণ পর গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতে পারেন। দুটিই বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং চর্বি গলাতে কার্যকর। তবে খেয়াল রাখতে হবে, যেন অতিরিক্ত চিনি বা দুধ না মেশানো হয়।

ঘুম থেকে উঠে যদি নিয়মিত এসব অভ্যাস মেনে চলা যায়, তবে শরীরের অতিরিক্ত চর্বি মোমের মতো গলে যাবে। শুধু তাই নয়, এতে মন ভালো থাকবে, শক্তি বাড়বে এবং সারাদিন কাজ করার ক্ষমতাও বাড়বে।