দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি।
শনিবার সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এর যৌথ উদ্যোগে এই এপিআই প্রযুক্তিভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম. সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে স্মার্ট এবং দক্ষ আগামীর যাত্রায় একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করেছেন।
তিনি বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ডিজিটাল গভর্নেন্স বাস্তবায়নে বন্দর কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে যা বন্দরের পেমেন্ট অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাদের বর্তমান পেমেন্ট পদ্ধতি যথেষ্ট দক্ষ হলেও তা মূলত ম্যানুয়াল পদ্ধতি নির্ভর। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের পার্টনারশীপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, সুরক্ষিত এবং স্বচ্ছ পেমেন্ট কাঠামো উপহার দিতে পেরেছি।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশের সমুদ্রপথ বাণিজ্যে চট্টগ্রাম বন্দরটি মেরুদণ্ড স্বরূপ। ইবিএল-পাওয়ার্ড প্ল্যাটফর্মটি ডিজিটাল ভবিষ্যতে প্রবেশের ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ। এটা শুধুমাত্র সিস্টেম আপগ্রেডই নয়, বরং রাজস্ব আদায় এবং সেবা প্রদানে নতুন এক দৃষ্টিভঙ্গি।
এপিআই প্রযুক্তিভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা যেকোন স্থান থেকে ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জসহ অন্যান্য পেমেন্ট সহজেই সম্পন্ন করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কনফারমেশন লাভ করবেন। অডিটের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। সর্বোপরি বন্দরের জট এবং পরিচালন ব্যয় হ্রাস পাবে, সকল অংশীজনদের ক্ষেত্রে টার্ন-এরাউন্ড সময় কমে আসবে এবং দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।

