বুধবার, ০৬ মে ২০২৬

শিরোনাম

ইরান যুদ্ধের প্রথম ধাপ শেষ, যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পন্ন: রুবিও

বুধবার, মে ৬, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র আক্রমণাত্মক পর্যায় শেষ হয়েছে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৬ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কো রুবিও সাংবাদিকদের জানান, অপারেশন ‘এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে। এই অভিযানের মাধ্যমে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যুদ্ধের প্রথম বা আক্রমণাত্মক ধাপটি এখন ‘ওভার’ বা শেষ।

সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করলেও উত্তেজনা প্রশমনে আলোচনার পথ খোলা রাখার কথা জানান রুবিও। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালিকে পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে আলোচনার প্রস্তাব দিলেও তেহরানের দিক থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি। রুবিও বলেন, প্রেসিডেন্ট সমঝোতার পথটিই পছন্দ করছেন। তবে ইরান এখন পর্যন্ত সেই পথে আসার কোনো লক্ষণ দেখায়নি।

প্রায় ৫০ মিনিটের এই সংবাদ সম্মেলনে রুবিও বুঝিয়ে দিয়েছেন যে, সামরিক হামলার পর্যায়টি শেষ হলেও ইরান যদি আলোচনায় না আসে, তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। বিশেষ করে তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে হরমুজ প্রণালি সচল করা ওয়াশিংটনের জন্য এখন বড় চ্যালেঞ্জ।