জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) জামালপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন রাজনৈতিক দলটির সমাবেশকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। ইতোমধ্যে শহরের ফৌজদারি মোড়ে পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।
এনসিপি পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ ও তোরণ নির্মাণের পাশাপাশি ফৌজদারি মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ব্যানার-পোস্টার লাগানো হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর বেলা সাড়ে ১১টায় শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি। তমালতলা, বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে পদযাত্রা শেষে সেখানেই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন গণমাধ্যমকে বলেন, এনসিপির পদযাত্রাকে ঘিরে নিরাপত্তার জন্য এপিবিএনসহ অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।

