রবিবার, ০১ মার্চ ২০২৬

শিরোনাম

গাজায় ১৪ ত্রাণপ্রার্থীসহ ইসরায়েলি হামলায় নিহত ৩০

মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

প্রিন্ট করুন

অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণের খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ ফিলিস্তিনিসহ শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ নিয়ে দখলদার বাহিনীর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল।

সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, গাজার বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১৪ জন ছিলেন সাহায্যপ্রত্যাশী।

এ ছাড়া , দখলের ঘোষণা দেওয়ার পর থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়েছে। ইসরায়েল এ শহর দখল করে হাজার হাজার মানুষকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত কনসেন্ট্রেশন জোনে সরিয়ে নিতে চায়।

এদিকে, গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি দিয়েছে বলে জানা গেছে। হামাসের একটি সূত্র সোমবার (১৮ আগস্ট) এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানিয়েছে, কোনো সংশোধন ছাড়াই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস ও এর সহযোগী গোষ্ঠীগুলো। এর মধ্যেই প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, হামাস ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির সময়কালে দুই ধাপে প্রায় ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। একই সময়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলবে।

তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে কায়রোতে অবস্থানরত হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব পেয়েছেন। এ প্রস্তাবে প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি এবং দুই ধাপে জিম্মি মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে।

গত সপ্তাহে হামাস জানায়, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কায়রোতে রয়েছে, যারা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। গাজা যুদ্ধ এখন ২৩তম মাসে প্রবেশ করেছে।