জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় আধা ঘণ্টার বেশি সময় তিনি সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা যায়।
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

