মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সফরের পরিকল্পনার খবর প্রত্যাহার করে নিয়েছে দেশটির দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল। পাশাপাশি ‘যাচাই না করে’ সংবাদ প্রকাশের জন্য ক্ষমাও চেয়েছে একটি সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প– বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেল এমন দাবি করেছে বলে খবর দেয় রয়টার্স।
এদিনই আরেক প্রতিবেদনে রয়টার্স জানায়, ট্রাম্পের পাকিস্তান সফরের পরিকল্পনার খবর প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস পাকিস্তানের ওই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো খারিজ করে দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তান সফরের সময়সূচি নির্ধারণ করা হয়নি।’
ট্রাম্পের নতুন শুল্ক নির্ধারণ: ইন্দোনেশিয়ার পণ্যে ১৯% শুল্ক, ভিয়েতনাম চুক্তি প্রায় চূড়ান্ত
‘পুতিনকে ব্যথা দিতে তুমি কি মস্কোতে আঘাত হানতে পারবে?’— জেলেনস্কিকে ট্রাম্প
বৃহস্পতিবার জিও এবং এআরওয়াই নিউজ চ্যানেল জানিয়েছিল, আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের পাকিস্তান সফরের কথা রয়েছে। কিন্তু পরে উভয়ই তাদের প্রতিবেদন প্রত্যাহার করে নেয়।
এতে বলা হয়েছে, ‘যাচাই ছাড়াই সংবাদ সম্প্রচারের জন্য জিও নিউজ তার দর্শকদের কাছে ক্ষমা চাইছে। ’
এআরওয়াই-এর একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে জানান, পররাষ্ট্র দপ্তর যখন বলেছিল যে তাদের এই সফরের বিষয়ে কোনও জ্ঞান নেই, তখন তারা প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়।
গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে বৈঠকের পর উভয় দেশের সম্পর্কে বড় ধরনের অগ্রগতি দেখা গিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে পাকিস্তান সফর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

