একটি বেসরকারি টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ওই হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তারা গুরুতর আহত হন। আমি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ। আমি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী

