উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্কে ব্যবসায়ী শাহনেওয়াজের অফিস সহকারি অনিক রাজকে মারধরের ঘটনায় বাংলা প্রেস সম্পাদক সাবেথ সাথীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক অনুষ্ঠানের সময় লাগোয়ার্ডিয়া মেরিয়ট হোটেলের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আহত অনিক রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শাহনেওয়াজের অভিযোগ অনুযায়ী, সাংবাদিক সাবেথ সাথীসহ আরও কয়েকজন মিলে অনিক রাজ, জাহেদ আলম ও আজিজুল হকের ওপর হামলা চালান। অভিযোগ পেয়ে শাহনেওয়াজ পুলিশে কল দেন এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাবেথ সাথীকে গ্রেফতার করে।
তবে সাবেথ সাথীর পরিবারের দাবি, প্রথমে তাঁর ওপরই হামলা চালানো হয়। এসময় সাথীও পুলিশে কল করেছিলেন। কিন্তু ব্যবসায়ী শাহনেওয়াজের কলের ভিত্তিতেই পুলিশ আগে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনার পর শাহনেওয়াজ সাংবাদিকদের সামনে ব্রিফিং করে সাবেথ সাথীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন। অন্যদিকে সচেতন মহলের মত, ঘটনাটি নিয়ে পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন। তাঁদের মতে, হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।

