পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর সামা টিভির।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মর্টার শেল নিক্ষেপ করে। হামলার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে।
নিহতদের নাম মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুল নাজ, চাঙ্গেইজ ও জাহরা। আহত হয়েছেন আবদুল গফ্ফার এবং তার দুই মেয়ে সারা ও আয়েশা।
নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ এরইমধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে। এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিচারের দাবি উঠেছে।

