আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা নিরসনে মস্কো কূটনৈতিক হস্তক্ষেপের প্রস্তাব দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ক্রেমলিন উভয় দেশকে অনতিবিলম্বে সীমান্ত সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে।
রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, যদি দুই দেশ রাজি থাকে, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মস্কো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাক-আফগান সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পাকিস্তান বিমান ও স্থলবাহিনী আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে বড় ধরনের সামরিক অভিযান চালায়।
পাকিস্তানের দাবি অনুযায়ী, আফগান তালেবান বাহিনীর উসকানিমূলক ও অতর্কিত হামলার জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, অভিযানে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা আরও বৃদ্ধি পায় যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আফগান বাহিনী কর্তৃক পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণের জের ধরে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটেই এই যুদ্ধ ঘোষণা করা হয়েছে।

