আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত এলাকার কাছে গুলির শব্দ শোনা গেছে। সেইসঙ্গে মর্টার হামলার খবরও পাওয়া গেছে।
আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার ইসলামাবাদ থেকে এমন খবর দিয়েছেন। বার্তা সংস্থা এএফপিও বলেছে, আজ সকালে সীমান্ত ক্রসিং এর কাছ থেকে মর্টারের শব্দ শোনা গেছে।
এএফপির খবরে বলা হয়েছে, আফগান সেনারা সীমান্তের দিকে এগোচ্ছেন।
তোরখাম সীমান্ত ক্রসিংটি পাকিস্তান থেকে ফেরত আসা আফগানদের জন্য খোলা রাখা হয়েছে। যদিও অক্টোবরের পর থেকে দুই দেশের মধ্যে সংঘাতের কারণে মূল স্থল সীমান্তের বেশিরভাগ বন্ধ রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার থেকে নতুন করে শুরু হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
এ হামলার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক।
এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
এক্সবার্তায় তিনি বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

