বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন সেনাবাহিনীর নতুন হামলা, নিহত ২

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬

প্রিন্ট করুন

পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে দু’জনকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবারের (৯ ফেব্রুয়ারি) এই হামলায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম)। খবর আল জাজিরার।

সাউথকম এক্সে (সাবেক টুইটার) জানায়, ‘৯ ফেব্রুয়ারি সাউথকম কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশে জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার মনোনীত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত একটি নৌযানে প্রাণঘাতী কাইনেটিক হামলা চালায়।’

এতে আরও বলা হয়, হামলার পর জীবিত এক ব্যক্তিকে উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

কোস্ট গার্ডের এক মুখপাত্র সিএনএনকে দেওয়া বিবৃতিতে বলেন, ইকুয়েডরের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রযুক্তিগত সহায়তা দেবে।

ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ১২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রশাসনের দাবি, এই অভিযান মাদক পাচার দমনে পরিচালিত হচ্ছে।