কক্সবাজারের চকরিয়া উপজেলায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় প্রবাসী মিজানুর রহমানকে অর্থ জোগানের অভিযোগে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরি সেতুর ওপর কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ১০ থেকে ১৫টি গাড়িতে হামলা চালালে সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর ৯ নভেম্বর জসিম উদ্দিন নামের এক ভুক্তভোগী বাদী হয়ে চকরিয়া থানায় দণ্ডবিধির ১৫৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলায় প্রবাসী মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে এলাকায় আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু নেতা-কর্মী তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকার-সমর্থিত এক নেতা অভিযোগ করেন, মিজানুর রহমান বিদেশে অবস্থান করে বিভিন্ন ঘটনায় অর্থের যোগান দেন এবং তার অর্থে এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

