বাড়ি ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের প্রতি বাড়িওয়ালাদের আচরণ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নগরজীবনের নানা বাস্তবতা তুলে ধরে বাড়িওয়ালাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ টেনে মনিরা মিঠু বলেন, ‘বছরে বছরে বাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু প্রতি বছর আমাদের আয় তো বাড়ছে না। বাড়ির মেইনটেন্যান্স কস্ট, সার্ভিস চার্জ কিন্তু আমাদেরকেই দিতে হয়।
শুধু ভাড়া বৃদ্ধিই নয়, রাতের নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ করে দেওয়ার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর মতে, বর্তমান সময়ে এমন বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই অযৌক্তিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ২০২৬ সালে এসেও রাত এগারোটায় গেট বন্ধ করে দেওয়া হয় ভাড়াটিয়াদের জন্য। এটা নাহয় বুঝলাম অনুমতি ছাড়া ভাড়াটিয়ারা ঢুকতে পারবে না। কিন্তু বাড়িতে চোর-ডাকাত কীভাবে ঢুকে, তখন এই নিয়মগুলো কোথায় থাকে?’
ভাড়াটিয়াদের প্রতি সহনশীল ও মানবিক আচরণের আহ্বান জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘আমি বাড়িওয়ালাদেরকে বলব, আপনারা প্লিজ একটু মানবিক হোন, ভাড়াটিয়াদের প্রতি সহনশীল হোন।’
অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে নগরজীবনে ভাড়াটিয়াদের নানা ভোগান্তির বিষয়টি তুলে ধরেছেন।

