মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

বাবার হাত-পা ভেঙে রগ কাটলো ছেলে

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

প্রিন্ট করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ৭৮ বছরের এক ব্যক্তির হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম ধন মিয়া। আর অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।

আহত ব্যক্তি বলেন, ‘আমার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি একজন কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি করে দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উশৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দেওয়া জায়গায় সে বাড়ি না করে আমার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করতে চায়।’

তিনি বলেন, ‘এ নিয়ে দুপুরে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ছেলে মাসুক মিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

নাসিরনগর থানার ওসি আজহারুর ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এখনো অভিযোগ আসেনি। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন।’