শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ভয়াবহ সেই দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

প্রিন্ট করুন

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম।

তিন সদস্যবিশিষ্ট এ কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

এ ছাড়া জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।