মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

রবিবার, জুলাই ২০, ২০২৫

প্রিন্ট করুন

সারা দেশের সড়ক ও মহাসড়কে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রাক-কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।

আজ রবিবার (২০ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় তিনটি বিআরটিসি বাসের কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আটটি স্পটে আজ সকাল থেকে এই অভিযান শুরু করা হয়েছে। শুধু মাত্র দিনে নয় রাতেও চলবে এই অভিযান। মূলত ২০ বছরের মেয়াদোত্তীর্ণ বাস, ২৫ বছরের ট্রাক সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনাও বেশি হচ্ছে। এসব গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান জানান, রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটির প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।

বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন- পরিচালক (প্রশাসন) কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, উপ-পরিচালক এনফোর্সমেন্ট হেমায়েত উদ্দিন, বিআরটিএ পরিচালক মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক রোড সেফটির শহীদুল্লাহ ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।