আফ্রিকার দেশ মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি দেশটিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশসহ বিশ্ববাসীর সহযোগিতা কামনা করে মোজাম্বিক সরকার। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিক সরকারের কাছে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি) মোজাম্বিকের রাজধানী মাপুতুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে এই অর্থ হস্তান্তর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতায় শিগগিরই ঘুরে দাঁড়াবে মোজাম্বিক।
বাংলাদেশ সরকারের সহযোগিতা গ্রহণ করে এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি মোজাম্বিক সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিস লুকাস।

