সেনাঘাঁটিতে অবতরণের সময় ব্রেক কাজ না করায় রানওয়ে থেকে ছিটকে পড়ে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) তেজস হালকা যুদ্ধবিমানটি। এতে যুদ্ধবিমানটির কাঠামো মারাত্মকভাবে দুমড়ে–মুচড়ে যায়।
দুর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বিমান বাহিনী আরো একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।
অবতরণের সময় ব্রেক কাজ না করায় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।সূত্র বলেছে, এই দুর্ঘটনার পরে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রায় ৩০টি তেজস জেট বিমানে কার্যক্রম পুরোপুরি স্থগিত রেখেছে, যাতে সেগুলোর বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা করা যায়।
একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিমানটি সম্ভবত ব্রেক বা অন্য কোনো সিস্টেমের ত্রুটির কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন এবং গুরুতর আহত হননি।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের তৃতীয় দুর্ঘটনা এটি।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে, যেখানে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময়, যেখানে পাইলট নিহত হন। নভেম্বরের এই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

