কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং এর চালক আহত হয়েছেন।
আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে।
এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
ওসি সাইফুল ইসলাম আরো জানান, আহত অটোরিকশার চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

