বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলায় ৩ মার্কিন শিশুসহ নিহত ৫

সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

প্রিন্ট করুন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিন মার্কিন শিশু ও তাদের বাবাসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় এক হিজবুল্লাহ সদস্যও নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘ইসরাইলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয়।

দেশটির রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে বলা হয়, হামলায় একটি মোটরসাইকেল এবং একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও দুইজন।

লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি বলেন, সেলিন, হাদি এবং আসিল নামে তিন শিশু এবং তাদের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। হামলায় শিশুদের মা আহত হয়েছেন।

ইসরাইল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে প্রায়শই আঘাত হানার দাবি করছে। তাদের ভাষ্য, ইরান-সমর্থিত লেবাননী গোষ্ঠীকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের পর সামরিক শক্তি পুনর্গঠন থেকে বিরত রাখছে তারা।