সিরাজগঞ্জে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ফজরের নামাজ মসজিদের বাইরে পড়তে হয়েছে মুসল্লিদের।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে সেহেরি শেষে ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। বাধ্য হয়ে মসজিদের বাইরেই নামাজ পড়েন মুসল্লিরা। দুপুরের দিকে সদর থানা পুলিশ ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দেয়।
বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের লোকজন এককভাবে মসজিদের কমিটি করে এবং জামায়াত সমর্থিত একজনকে ইমাম হিসেবে নিয়োগ করে। ওই ইমামের কিরাত অনেকেরই পছন্দ না।
তাই ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর ওই ইমামকে বদলানোর জন্য চাপ দেয় গ্রামের লোকজন। এরপর ওয়াক্তের নামাজ ওই ইমাম এবং তারাবির নামাজ অন্য ইমাম দিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে আলোচনা করার জন্য বলা হলেও সেক্রেটারি রফিকুল ইসলাম রাজি হননি। এ নিয়ে এলাকায় মারামারিও হয়েছে।
মোকাদ্দেস আলী আরো বলেন, শনিবার রাতে গ্রামের লোকজনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়েছি। রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে দেখি জামায়াতের লোকজন মসজিদে তালা দিয়েছে।
মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, আমরা জামায়াতের সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে তা বলতে পারব না। বিএনপির লোকজনের অপছন্দের কারণে ইমাম আব্দুল হাইকে বাদ দেওয়া হয়েছে।

