সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, দেশে বিভিন্ন ধরনের ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য (যেমন-ডেরিভেটিভস) এবং অন্যান্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। এ প্রেক্ষাপটে প্রকৃত আন্ত ব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে প্রতিদিন দু’টি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্ত ব্যাংক মানি মার্কেট লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রণীত এ দু’টি রেটের নাম হবে ‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ (বিওএফআর) এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর)।
সার্কুলারে আরো বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেট নির্ধারণের পদ্ধতি বা মেথডোলজি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই তা অনুসরণ করতে পারে।

