সোমবার, ০২ মার্চ ২০২৬

শিরোনাম

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা, কার্যক্রম স্থগিত

সোমবার, মার্চ ২, ২০২৬

প্রিন্ট করুন

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর মালিকানাধীন রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তার কারণে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে কালো ধোঁয়া উড়ছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরামকোর একটি সূত্র জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান সমগ্র অঞ্চলে হামলা শুরু করার পরই এই ড্রোন হামলা ঘটেছে।

একটি শিল্প সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান সমগ্র অঞ্চলে হামলা শুরু করার পরই রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। এটি সৌদি আরবের অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল।