কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের তোড়জোড় চলছে জাতিসংঘে। তবে এই পদক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তার আগেই তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত ওই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে তথাকথিত আগ্রাসী শক্তি ও তাদের সমর্থকদের যেকোনো উসকানিমূলক পদক্ষেপ বিদ্যমান সংকট নিরসনে কোনো কাজে আসবে না। বরং এটি বর্তমান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে।
উল্লেখ্য, বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ করে দেয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুভাবাপন্ন কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না।

