শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শিরোনাম

হিজবুল্লাহ প্রধানের ঘনিষ্ঠ সহকারীকে হত্যার দাবি ইসরাইলের

শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননের রাজধানী বৈরুতে বুধবার ( ৮ এপ্রিল) হামলায় চালিয়ে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমের এক ঘনিষ্ঠ সহকারীকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সামরিক বিবৃতিতে, ‘হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা আলি ইউসুফ হারশিকে হত্যা করা হয়েছে।’

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হারশি কাসেমের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা ছিলেন এবং তার কার্যালয় পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বুধবার গভীর রতে ইসরাইলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণাঞ্চলের লাইলাকি-কাফাত এলাকায় হামলা চালায়। এতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ৩০০ এরও বেশি মানুষ নিহত এবং ১১০০ এরও বেশি আহত হয়েছেন।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও লেবাননে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক অনেক নেতা এই যুদ্ধবিরতি লেবাননেও সম্প্রসারণের আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর বিরোধিতা করছে।