পার্থ সারথী দেব
মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে আর গাড়ি পার্ক করতে গিয়ে মিটারে টাকা দিতে হবে না। শহরের সিটি কাউন্সিল মিউনিসিপ্যাল পার্কিং সার্ভিসেসের সঙ্গে চুক্তি নবায়ন না করায় আগামী ১ জুলাই মঙ্গলবার থেকে পুরো শহরেই বিনামূল্যে পার্কিং চালু হচ্ছে।
জানা গেছে, ২০২১ সাল থেকে শহরের পার্কিং মিটার পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে চুক্তি নবায়নের বিপক্ষে ভোট পড়ে। এতে স্পষ্ট হয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সাধারণ নাগরিকদের স্বস্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোসেফ ক্যাম্পু সড়কের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা পার্কিং মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। ক্রেতারা মিটার টিকিটের ঝামেলায় দোকানে আসতে সংকোচ বোধ করতেন। এখন সেই বাধা দূর হওয়ায় ব্যবসার পরিবেশও আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন তারা।
হ্যামট্রাম্যাকের মেয়র আমীর গালীব বলেন, শহরে গাড়ি পার্কিংয়ের সময়সীমা নির্ধারণ এবং নতুন পার্কিং ব্যবস্থা গঠনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন নীতিমালা অবশ্যই বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য নমনীয় হবে।
কাউন্সিলম্যান মুহিত মাহমুদ জানান, পার্কিং মিটার থেকে প্রতিবছর প্রায় ২ লাখ ডলার আয় হতো। এর মধ্যে একটি বড় অংশ আসত মিটার টিকিটের মাধ্যমে। তবে ব্যবসা ও জনসেবা বিবেচনায় রাজস্ব হারানো হলেও শহরবাসীর স্বস্তিই তাদের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, এটি শহরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পুনরুজ্জীবনে বড় ভূমিকা রাখবে।

