দীর্ঘ ৬৭ বছর শিক্ষকতা করে বিশ্বরেকর্ড গড়েছেন এক মার্কিন ইংরেজি শিক্ষক। বর্তমানে তার বয়স ৯০ বছর।
মিশিগানের বেভারলি হিলস এলাকায় অবস্থিত ডেট্রয়েট কান্ট্রি ডে স্কুলে ইংরেজি পড়ানো বেভারলি হ্যানেট প্রাইসকে গত সোমবার (২ ফেব্রুয়ারি) এই স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তাদের মধ্যে ছিলেন তার সাবেক শিক্ষার্থী কোর্টনি বি. ভ্যান্স, যিনি পরে টনি ও এমি পুরস্কারজয়ী অভিনেতা হন। ভ্যান্স বলেন, প্রাইস তাকে কীভাবে লেখা সাজাতে হয় এবং নিজের চিন্তাভাবনা গুছিয়ে প্রকাশ করতে হয়, তা শিখিয়েছিলেন—যে দক্ষতা আজও তার কাজে লাগছে। এই কারণেই এখনো তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।ৎ
১৯৫৮ সালে শিক্ষকতা শুরু করা হ্যানেট প্রাইসের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস এবং মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমার।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যানেট জানান, অবসরের কোনো পরিকল্পনা তার নেই। কারণ তিনি স্কুলটিকে ভালোবাসেন এবং পড়ানোই তার সবচেয়ে বড় ভালোবাসা।

