সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র থেকে চুরি হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হওয়া এসব পাথর ফেলা হয়েছে জিরো পয়েন্টে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বৃষ্টির সুযোগে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর সরিয়ে ফেলেছিল। আমরা খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিই। আমরা সরিয়ে ফেলা ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। পাশাপাশি চুরির পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।
তিনি বলেন, ‘বিজিবি-পুলিশ ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’ উদ্ধার হওয়া পাথর জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ২ হাজার ঘনফুট পাথর ফের জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে বলে তিনি জানান।

