পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আফগান তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের উচিত অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। মিথ্যা ও অপপ্রচারের আড়ালে তালেবানদের কোনোভাবেই লুকাতে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতির ওপর আলোকপাত করে মন্ত্রী জানান, তালেবানদের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই যে গুলিবর্ষণ করা হয়েছে, পাকিস্তান তার অত্যন্ত শক্তিশালী ও কার্যকর জবাব দিচ্ছে এবং এই পালটা জবাব অব্যাহত থাকবে।
তিনি অভিযোগ করেন, আফগান তালেবান সূত্র এবং ভারতের কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
তথ্যমন্ত্রীর মতে, রণক্ষেত্রে শোচনীয় পরাজয় এবং অপমান ঢাকতেই তালেবানরা এখন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তানের পেশাদার সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের সমস্ত অশুভ উচ্চাকাঙ্ক্ষা নস্যাৎ করে দিচ্ছে।
এখন পর্যন্ত ৩৬ জন তালেবান সশস্ত্র সদস্য পাকিস্তানের বাহিনীর হাতে নিহত হয়েছে। অন্যদিকে, মাতৃভূমি রক্ষা করতে গিয়ে পাকিস্তানের দুই সৈনিক শাহাদাত বরণ করেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। আতাউল্লাহ তারার পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান তার শত্রুদের যে কোনো অশুভ পরিকল্পনা গুঁড়িয়ে দিতে পুরোপুরি সক্ষম এবং প্রস্তুত।

