শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

পাকিস্তান-আফগান যুদ্ধ: কূটনৈতিক সমাধানের আহ্বান জর্ডানের

শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬

প্রিন্ট করুন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। সেইসঙ্গে লড়াইরত দুই দেশকে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে আম্মান। খবর আল জাজিরার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি এক বিবৃতিতে বলেন, ‘জর্ডান সব ধরনের সংঘাত ও বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে।’

তিনি আরও বলেন, ‘সংযম প্রদর্শন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সুপ্রতিবেশীসুলভ নীতিমালা অনুসরণ করা এখন অত্যন্ত জরুরি।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে যুদ্ধে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।