ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের বহুল আলোচিত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান এখন বদলে গেছে, তা এখন হয়ে গেছে ‘ইসরাইল ফার্স্ট’।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প নিজের কাল্পনিক ও বিভ্রান্তিকর পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে এক চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। লারিজানি লেখেন, ইসরাইলের ক্ষমতার লালসা মেটাতে ট্রাম্প মার্কিন সেনাদের জীবন বলি দিচ্ছেন এবং নিজের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দায়ভার চাপিয়ে দিচ্ছেন সাধারণ আমেরিকান সৈনিক ও তাদের পরিবারগুলোর ওপর।
লারিজানি আরও উল্লেখ করেন, ট্রাম্প শুরুতে মিথ্যা আশার বাণী শুনিয়ে এখন মার্কিন সেনাদের প্রাণহানির ভয়ে ভীত হয়ে পড়েছেন। বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইরান কেবল নিজেকে রক্ষা করছে এবং ইরানি সশস্ত্র বাহিনী কখনোই এই আগ্রাসন আগে শুরু করেনি।
লারিজানির এই বক্তব্য মূলত মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের কঠোর মনোভাবকেই ফুটিয়ে তুলেছে।

