মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা হিজবুল্লাহর

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার জানিয়েছে, লেবাননে তাদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।

বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলে। লেবাননের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ইসরায়েল মঙ্গলবার সকালে ঘোষণা করে, তারা ‘তেহরান ও বৈরুতে সমন্বিত হামলার’ নতুন দফা শুরু করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানায়, সীমান্ত বরাবর ‘অগ্রবর্তী প্রতিরক্ষা’ ব্যবস্থার অংশ হিসেবে তারা দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে সেনা মোতায়েন করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘ইসরায়েলি সীমান্তবর্তী জনপদে হামলা প্রতিরোধে লেবাননে অতিরিক্ত কৌশলগত অবস্থান অগ্রসর হয়ে নিয়ন্ত্রণে নিতে আমি ইসরায়েল ডিফেন্স ফোর্সেসকে (আইডিএফ) অনুমোদন দিয়েছি।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রাথমিক হামলা চালানোর পর সোমবার লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে।

ইসরায়েল দ্রুত লেবাননে ব্যাপক হামলা শুরু করে, যেখানে সরকার সোমবার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে।

পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলে রামাত দাভিদ বিমানঘাঁটি এবং মেরোন পর্যবেক্ষণ ঘাঁটিতে হামলা চালাতে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করেছে।