মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের পুঁজিবাজারে।
সপ্তাহের শুরুতেই করাচি স্টক এক্সচেঞ্জে ভয়াবহ ধস নেমেছে, যার ফলে বেঞ্চমার্ক ইনডেক্স বা সূচক এক ধাক্কায় ৯ হাজার পয়েন্টের বেশি পড়ে যায়। লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক শেয়ার বিক্রির হিড়িক পড়লে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, সূচক ৫ শতাংশের বেশি হ্রাস পাওয়ায় নিয়ম অনুযায়ী বাজারের লেনদেন ৪৫ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। উদ্বোধনী সেশনেই সূচকটি ৯ হাজার ৭৮০ পয়েন্ট হারিয়ে এক লাখ ৪৭ হাজার ৭১৫.৯৫ পয়েন্টে নেমে আসে। আগের দিনের তুলনায় এই পতনের হার ৬.২১ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে বাজারের জন্য বড় ধরনের একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এই দরপতন মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

