সোমবার, ০৯ মার্চ ২০২৬

শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মনোনয়ন নিয়ে যা বলল চীন

সোমবার, মার্চ ৯, ২০২৬

প্রিন্ট করুন

মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনয়ন দেওয়া সম্পূর্ণই দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি ইরানের সংবিধান অনুযায়ী ইরানের নিজের সিদ্ধান্ত।’

এর একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এবং দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন।

তিনি বলেন, ‘‘কোনো ‘রঙ বিপ্লব’ ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণের সমর্থন পাবে না।’’

মার্কিন-ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সোমবার (৯ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে।

ইরানের ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী, এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত।