যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসা পেতে এখন আবেদনকারীদের দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরে অবশ্যই ‘না’ বলতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, উত্তর ‘হ্যাঁ’ হলে ভিসা প্রক্রিয়া আর এগোবে না।
নতুন নিয়মটি পর্যটক, শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীসহ সব ধরনের অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। আবেদনকারীদের জিজ্ঞেস করা হবে—নিজ দেশে কোনো ধরনের নির্যাতন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন কিনা এবং দেশে ফিরে গেলে এমন ঝুঁকি রয়েছে কিনা।
যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি, অনেকেই ভ্রমণের উদ্দেশ্য গোপন করে পরে আশ্রয়প্রার্থী হিসেবে থেকে যান। এই প্রবণতা রোধ করতেই যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ভিসা যাচাই প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে কাজ করেন। তাই আবেদনকারীরা শর্ত পূরণ করছেন কিনা, তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের ওপর নজরদারি বাড়ানো এবং কিছু নিরাপত্তা যাচাই জোরদার করার কারণে কয়েকটি অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। জানুয়ারিতে কয়েকটি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াও বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র।
তবে নতুন এ সিদ্ধান্তের সমালোচনাও হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে থাকা অনেক মানুষ আরও কঠিন অবস্থায় পড়তে পারেন। কেউ কেউ নিরাপত্তার জন্য ঝুঁকি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আশ্রয় চাওয়ার সুযোগ সীমিত হয়ে গেলে রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত নিপীড়নের শিকারদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কঠিন হয়ে উঠবে।

