ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এক মা। নিহত ওই নারীর নাম আন্দ্রেয়া। তিনি দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী ছিলেন।
স্ত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টে হেক্টর বেলো জানান, তার স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ছোট্ট মেয়েকে আগলে রেখেছিলেন।
তিনি লেখেন, ‘একদিন আমি আমাদের মেয়েকে বলব, কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। বলব, নিজের জীবন দিয়ে তুমি তাকে রক্ষা করেছ। তুমি ছিলে এক সাহসী মা, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে ছেড়ে যায়নি।’
হেক্টর বেলো জানান, খবর পেয়ে তিনি দ্রুত কারাকাসে যান। সেখানে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মেয়ে ও তার খালা ভালো আছে। তবে আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই অসহনীয় কষ্টের সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমি কীভাবে আমার মেয়েকে বোঝাব, তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে? আমি তখন সেখানে ছিলাম না, কিছুই করতে পারিনি। আমাকে শক্তি দাও।’
এদিকে, ভেনেজুয়েলার ক্রীড়া সংগঠন কুমানা দে কাম্পেওনেসজানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে হেক্টর বেলোর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একই ভবনে থাকা তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ভূমিকম্পে প্রাণ হারান আরও ক্রীড়াবিদ
ভয়াবহ এই ভূমিকম্পে আরও অনেকের মৃত্যুর খবর সামনে আসছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর তথ্য অনুযায়ী, দুই ফুটবলারও এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন।
কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন।
অন্যদিকে, ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, তাদের একাডেমির খেলোয়াড় ভিক্টর পালাসিওসও ভূমিকম্পে মারা গেছেন। ক্লাবটির ভাষ্য, ‘তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
সাবেক মিস ভেনেজুয়েলার মায়ের মৃত্যু
সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েস জানিয়েছেন, ভূমিকম্পে লা গুয়াইরায় তার মায়ের ভবন পুরোপুরি ধসে পড়ে। আতঙ্ক ও ধাক্কায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মা মারা যান।
রেয়েস জানান, তার মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা এক নার্স জীবিত উদ্ধার হয়েছেন এবং তিনিই এই দুঃসংবাদটি পরিবারকে জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (২৪ জুন) রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিতদের খুঁজে চলেছেন উদ্ধারকর্মীরা।

