সোমবার, ২৯ জুন ২০২৬

শিরোনাম

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা !

রবিবার, জুন ২৮, ২০২৬

প্রিন্ট করুন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়ার মধ্যকার লড়াই ০-০ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

এই ড্রয়ের ফলে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া। অন্যদিকে তিন ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানারআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। একই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।

রানারআপ হওয়ায় শেষ ষোলোতে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে পর্তুগাল। আগামী ৩ জুলাই তারা মুখোমুখি হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া লড়বে আফ্রিকার প্রতিনিধি ঘানার বিপক্ষে।

বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। তারা ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি ২৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে পর্তুগাল ১৩টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

প্রথমার্ধে পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজ গোলের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করেছিলেন। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। অন্য প্রান্তে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাও ছিলেন দুর্দান্ত। তিনি ম্যাচে ছয়টি সেভ করেন, যা পর্তুগালের প্রথম দুই ম্যাচে তার মোট সেভের সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডেভিনসন সানচেজের হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পেয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

গোলশূন্য ড্র হলেও ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণ দর্শকদের উপহার দিয়েছে উপভোগ্য এক লড়াই। এখন নকআউট পর্বে নিজেদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি নিচ্ছে দুই দলই।