চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল রোববার রাতে সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে রোববার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত যৌথবাহিনীর ক্যাম্পে সরবরাহ করা পানি ব্যবহারের সময় কয়েকজন পুলিশ সদস্য অস্বস্তি অনুভব করেন। পুলিশ জানায়, পানি চোখে-মুখে দেওয়ার পর দুর্গন্ধ ও জ্বালাপোড়া শুরু হয়। পরে দেখা যায়, পানির রং পরিবর্তিত হয়ে সাদা ফেনা তৈরি হয়েছে। বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে ওই পানি ব্যবহার বন্ধ করা হয়।
খবর পেয়ে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে পানির সরবরাহ লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূরে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল-একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত।
তার দাবি, দুর্বৃত্তরা প্রথমে যৌথবাহিনীর লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত কোনো রাসায়নিক ঢুকিয়ে দেয়। পরে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখে, যাতে বিষয়টি কেউ বুঝতে না পারে। তিনি বলেন, ‘সকালে পুলিশ সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন। তা না হলে এই পানি ব্যবহার করলে কোমলমতি শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ অন্যদের বড় ধরনের ক্ষতি হতে পারত।’
অ্যাডিশনাল ডিআইজি আরও বলেন, জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করতে যৌথবাহিনীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি সন্ত্রাসীরা মেনে নিতে পারছে না বলেই তাদের প্রাথমিক ধারণা। এর আগেও তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ক্যাম্পে হামলাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি।
পুলিশ জানায়, এ ঘটনায় তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা শেষে তারা সুস্থ হয়েছেন। পরীক্ষার জন্য পানির নমুনা সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ঘটনায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

