মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিরোনাম

দ্বিতীয় মেয়াদে ইতালির কোচ হচ্ছেন মানচিনি

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

প্রিন্ট করুন

আন্দ্রেয়া পিরলোকে ঘিরে বিতর্ক, কোচ নিয়োগ প্রক্রিয়া ভেস্তে যাওয়া এবং পাওলো মালদিনি-লিওনার্দোর পদত্যাগের পর ইতালি জাতীয় দলের নতুন কোচ হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্তো মানচিনি। একাধিক ইতালীয় গণমাধ্যমের খবরের পর রয়টার্সও জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় মানচিনির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গেন্নারো গাত্তুসো গত এপ্রিলে পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল ইতালি। শুরুতে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই দায়িত্ব নিতে রাজি হননি। পরে আন্দ্রেয়া পিরলোকে প্রধান প্রার্থী করা হলেও রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেই পরিকল্পনাও ভেস্তে যায়।

পিরলোকে জাতীয় দলের কোচ করার পক্ষে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো। কিন্তু ফেডারেশন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এলে দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় দুজনই পদত্যাগ করেন। তাদের এই পদক্ষেপ ইতালির কোচ নিয়োগ প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে।

সবশেষে এফআইজিসি আবারও আস্থা রেখেছে রবার্তো মানচিনির ওপর। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকা এই কোচের অধীনেই ২০২১ সালে (ইউরো ২০২০) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল আজ্জুরিরা। জাতীয় দলের হয়ে তার অধীনে ইতালি টানা ৩৭ ম্যাচ অপরাজিতও ছিল।

সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গত মাসে কাতারের ক্লাব আল-সাদ থেকেও বিদায় নেন মানচিনি। এবার দ্বিতীয় মেয়াদে ইতালির দায়িত্ব নিয়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে দলকে আবারও বড় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনা।