মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬

শিরোনাম

‘চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত’

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রিন্ট করুন

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত কমিটি ‘নেগোসিয়েশন বৈঠকের’ মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করেছে।

সেটা অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চীনের তৈরি জে-১০সিই ফাইটারের সক্ষমতার প্রসঙ্গে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চায়নিজ জে-১০।

এই তথ্য এখন প্রতিষ্ঠিত।

তিনি বলেন, রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার তার সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

জাহেদ উর রহমান বলেন, একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি- ইউরোপিয়ান ভেরিয়েন্টের, তার তুলনায় চায়নিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।

আশা করি, আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।