ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের দ্বিতীয় তলায় হামলাটি চালানো হয়। নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হামলার আগে কোনো সতর্কবার্তা বা হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসার জন্য এ হাসপাতালের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে হাসপাতালটিতে এ নিয়ে সাতবার হামলা চালানো হলো।

