বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

জার্মানিতে গির্জায় নির্যাতনের শিকার ৮০০ শিশু

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রিন্ট করুন

জার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এসব ঘটনায় ২৫০ জনের বেশি ধর্মযাজক ও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন।

গবেষকদের মতে, প্রতিবেদনে উঠে আসা সংখ্যা কেবল নথিভুক্ত ও প্রকাশ্যে আসা ঘটনার হিসাব। ভয়, লজ্জা ও সামাজিক চাপের কারণে অনেক ভুক্তভোগী নির্যাতনের কথা প্রকাশ করেননি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে যাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ এবং গির্জা পরিচালিত ছাত্রাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার জন্য স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে নির্যাতন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মযাজকদের প্রতি মানুষের গভীর আস্থা এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে নির্যাতনের ঘটনা আড়াল করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবারও নীরব থাকার জন্য চাপ দিয়েছে।

এ ছাড়া গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা অভিযুক্তদের সুরক্ষা দিয়ে নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে গবেষণায় উঠে এসেছে।

ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট জানিয়েছে, নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। সংগঠনটির দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই ভুক্তভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।