বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

পারমাণবিক মর্যাদা অস্বীকারে যুদ্ধের হুঁশিয়ারি কিমের

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রিন্ট করুন

উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে আল জাজিরা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কিম বলেন, আধুনিক যুদ্ধের বাস্তবতা বিবেচনায় বিভিন্ন ধরনের সামরিক অভিযানের জন্য একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন জরুরি। এ বিষয়ে সামরিক বাহিনীকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম। এ সময় তিনি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম ও অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।

কিমের ভাষ্য, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান পরিবর্তনযোগ্য নয়। দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি না দেওয়া কিংবা নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে এই অবস্থান পরিবর্তন করা যাবে না।

উল্লেখ্য, ২০২৩ সালে নিজেদের সংবিধানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া।

এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কিমের এমন বক্তব্য সামনে এল। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনায় উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। তবে পিয়ংইয়ং অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, কয়েক দিনের ব্যবধানে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, দেশটির হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। নতুন করে পারমাণবিক অস্ত্র মোতায়েনের উদ্যোগে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে পারে।