আসছে ৪ জুলাই যুক্তরাষ্ট্র উদ্যাপন করতে যাচ্ছে তার ২৪৯তম স্বাধীনতা দিবস। ঐতিহাসিক এই দিনটি প্রতিবারের মতোই লাল-সাদা-নীল পতাকায় সেজে, আতশবাজির ঝলকে এবং জনসমুদ্রের উল্লাসে উদ্যাপিত হবে। তবে চলমান বৈশ্বিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মাঝে উৎসবকে ঘিরে কিছুটা শঙ্কাও বিরাজ করছে।
এই পরিস্থিতিতে জনগণকে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড এম. লায়ন্স। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আমরা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকির মুখোমুখি হইনি। তবে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি রয়েছে আমাদের।
জানা গেছে, সাল থেকে আইস-এ কর্মরত লায়ন্স তার দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে মার্কিন বিমানবাহিনীতে ছয় বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা দিয়ে এবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো পরিকল্পনার প্রমাণ মেলেনি।
ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত সংস্থাগুলোর সমন্বিত তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থাগুলো একযোগে কাজ করছে। কোথাও কোনো অস্বাভাবিকতা ধরা পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনগণের ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছেন টড লায়ন্স। তিনি বলেন, আপনার আশপাশে যদি কিছু সন্দেহজনক বা অস্বাভাবিক দেখেন, দেরি না করে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। নিরাপত্তা সবার দায়িত্ব।
তিনি আরও যোগ করেন, এই বার্তাটি আতঙ্ক নয়, বরং সচেতনতা গড়ে তুলতেই দেওয়া। কারণ, আমরা চাই সবাই যেন নিরাপদ থেকে স্বাধীনতার এই গৌরবোজ্জ্বল দিন উদ্যাপন করতে পারেন।

