বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শিরোনাম

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ডাইনোসরের একটি জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। ‘জোডি’ নামে পরিচিত কঙ্কালটির প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ৯০ লাখ ডলার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিলাম প্রতিষ্ঠান সোথবিতে প্রায় ১২ মিনিট ধরে ছয়জন আগ্রহী ক্রেতার দর-কষাকষির পর কঙ্কালটি বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

কঙ্কালটির উচ্চতা প্রায় তিন মিটার এবং এতে জীবাশ্ম হয়ে যাওয়া ১৯১টি হাড়ের অংশ রয়েছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে জোডি পিয়ারসন এটি আবিষ্কার করেন। পরে ক্লেটন ফিপসের নেতৃত্বে এর খননকাজ সম্পন্ন হয়। প্রথমে এটিকে টাইরানোসরাস রেক্সের অল্পবয়স্ক ডাইনোসরের কঙ্কাল মনে করা হলেও পরবর্তী গবেষণায় এটি ‘ন্যানোটাইরানাস’ প্রজাতির বলে শনাক্ত করা হয়।

ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ দাম। এর আগে ‘গাস’ নামে পরিচিত একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

তবে গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে বিক্রি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাদের আশঙ্কা, ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষণার জন্য এসব জীবাশ্ম পাওয়া কঠিন হতে পারে। অন্যদিকে, কেউ কেউ মনে করেন, এ ধরনের নিলাম জীবাশ্ম সংরক্ষণ ও প্রদর্শনের সুযোগ তৈরি করে।