যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। বুধবারের (২ সেপ্টেম্বর) এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন বুধবার সন্ধ্যার এক সংবাদ সম্মেলনে জানান, গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কর্মকর্তার অবস্থাই বর্তমানে স্থিতিশীল।
পুলিশ জানায়, নিহতদের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
এ ঘটনায় মোট সাতজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টার। আহতদের সবার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
গুলির ঘটনার পর মিনিয়াপোলিস পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি হামলায় সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আহতদের জন্য প্রার্থনা করার কথা বলেন।
এদিকে, এফবিআইও ঘটনাটির তদন্ত ও স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তায় এগিয়ে এসেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়া হবে।
মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দ্রুত ঘটনাস্থলে সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন।

