রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, সংঘর্ষ

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রিন্ট করুন

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজধানী তিরানায় রাজপথে নেমেছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। জবাবে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার নিম্নমান নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। গত অক্টোবরের মাঝামাঝি থেকে রাজধানীতে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন দোকানের জানালা ভাঙচুর করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবনযাত্রা, উন্নত স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানান।

শনিবারের বিক্ষোভে মুখোশ পরা কয়েকজন আন্দোলনকারী সরকারি ভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। তারা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ বাধা দেয়। এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তবে রামা সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছিল। কয়েক মাসের সেই আন্দোলনের পর নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ায় চাপের মুখে পড়েছে রামা সরকার।

২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দুর্নীতির অভিযোগ ও জনঅসন্তোষের কারণে তার সরকারকে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পেতে আগ্রহী বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে আলবেনিয়া অন্যতম এগিয়ে থাকা দেশ। ২০৩০ সালের মধ্যে ইইউতে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতির অভিযোগ ও চলমান সরকারবিরোধী আন্দোলন সেই লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।